মানিকগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০
মানিকগঞ্জ সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের ভাটবাউর এলাকায় ঢাকা-আারিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া একটার দিকে মহাসড়কের ভাটবাউর এলাকায় ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর বাস দুটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাস দুটির অর্ধশতাধিক যাত্রী আহত হন।
“আহতদের মধ্যে ৩৫ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”
দুর্ঘটনার পর বাস দুটির চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।
