নীলফামারীতে বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
নীলফামারী সদর উপজেলায় বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংগলশী ইউনিয়নের কাজীর হাট এলাকায় এ দুর্ঘটনায় মারা যান তাহমিনা বেগম (৩০)।
তাহমিনা পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
নীলফামারী থানার উপ-পরির্দশক রেজানুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তহিদুল মাকে নিয়ে রিকশায় সৈয়দপুরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। কাজীরহাট বাজার এলাকায় নীলফামারীগামী শাওন পরিবহনের একটি বাসের চাকা ফেটে গিয়ে তাদের রিকশাকে ধাক্কা দেয়।
এ সময় তহিদুল ও তার মা (তাহমিনা) রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তাহমিনা।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
