কুষ্টিয়ায় দুই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুর ও খোকসা উপজেলায় দুই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে মিরপুরের কবরবাড়িয়া গ্রাম থেকে কুমকুমি খাতুন সম্পা (১৯) ও খোকসার উত্তর আমবাড়িয়া গ্রাম থেকে আফরোজা খাতুনের (২২) লাশ উদ্ধার করে পুলিশ।
এ দুই ঘটনায় জড়িত সন্দেহে সম্পার স্বামী রুবেল ও দেবর সোহেল এবং আফরোজার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং রুবেল ও তার ছোট ভাই সোহেলকে আটক করে।
নিহত সম্পার বাবা আব্দুল কুদ্দুস অভিযোগ করেনন, তিন মাস আগে পারিবারিক ভাবে রুবেলের সঙ্গে সম্পার বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবেল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সম্পাকে শারীরিক নির্যাতন করত।
এ ঘটনায় সম্পার বাবা চার জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
খোকসা থানার এসআই আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে উত্তর আমবাড়িয়া গ্রামে অন্তঃসত্ত্বা আফরোজার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আফরোজার স্বামী সাইফুলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
