২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে হরতালে সড়ক অবরোধ, টায়ারে আগুন

চেয়ারম্যান একরামুল হকের খুনিদের গ্রেপ্তার দাবিতে ফুলগাজী উপজেলায় ডাকা হরতালে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:50 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল সন্ধ্যা এ হরতাল ডাকে উপজেলা আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলার ফেনী-পরশুরাম সড়কের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এসময় তারা টায়ার ও খড়কুটায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

হরতালের সমর্থনে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসিফুর রহমান আসিফের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে চেয়ারম্যান একরামের খুনিদের ফাঁসির দাবি করা হয়।

এদিকে হরতালে যানবাহন চলাচল না করায় ফেনীর সঙ্গে পরশুরাম ও ফুলগাজীর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ফুলগাজী সদরে সব ধরনের দোকান।

ফুলগাজী থানার ওসি আহমেদ নাসিরউদ্দিন আহমেদ জানান, হরতালে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।