পারিবারিক কবরস্থানে সমাহিত নায়েক মিজান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে নিহত বিজিবির নায়েক মিজানুর রহমানকে কুমিল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ভারী বৃষ্টির মধ্যে সোমবার বেলা সোয়া ৩টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভেলানগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।
এর আগে সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়িতে নিজের কর্মস্থল বিজিবি-৩১ ব্যাটালিয়ন সদরদপ্তর মাঠে তার প্রথম জানাজা শেষে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মরদেহ কুমিল্লায় আনা হয়।
বেলা ১টায় চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি মাঠে হেলকিপ্টারটি পৌঁছালে বিজিবির উত্তর-পূর্ব সরাইল রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান তার লাশ গ্রহণ করেন।
এসময় বিজিবির কুমিল্লা কোটবাড়ির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জিল্লুল হক, বিজিবি ১০ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শহিদুর রহমান, কুমিল্লার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।
নিহত মিজানের পরিবারের পক্ষ থেকে তার চাচা নায়েক সুবাদার (অব) আবুল কাশেম উপস্থিত ছিলেন।
সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মিজানের লাশ ভেলানগরে তার বাড়িতে নেয়া হয় দুপুর দেড়টায়।
এসময় মিজানের মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় করেন আশপাশের কয়েকশ’ মানুষ। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলসহ বিজিবি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানাজায় অংশ নেন।
বেলা সোয়া ৩টায় ভেলানগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
গত বুধবার রাতে মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর (বিজেপি)গুলিতে নায়েক মিজান নিহত হন। তিনদিন পরে তার লাশ ফেরত দেয় বিজেপি।
