শিক্ষিকাকে উত্ত্যক্তে পুলিশ, প্রতিবাদ করায় স্বামীকে মারধর
কিশোরগঞ্জে স্কুলশিক্ষিকা স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার স্বামীকে মারধর করেছে পুলিশ সদস্যরা। ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রথখলা এলাকার সোনালী ব্যাংক কিশোরগঞ্জ প্রধান শাখা কার্যালয়ের সামনে পলি আক্তারকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বরত পুলিশ সদস্য কটূক্তি করেন বলে তার অভিযোগ।
খবর পেয়ে স্কুলশিক্ষিকার স্বামী বাসস’র জেলা সংবাদদাতা নূর আজিজ খান বাবু ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে পুলিশ তার ওপরও চড়াও হয়।
পলি আক্তার শহরের রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িত পুলিশ সদস্য রফিকুল ইসলাম ও রেজাউলকে রাতেই প্রত্যাহার করা হয়েছে।
সাংবাদিক বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তার স্ত্রীকে উত্ত্যক্ত করেছে জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে এর কারণ জানতে চান। এতে ওই পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকে টেনে-হিঁচড়ে ব্যাংকের ভেতর নিয়ে গিয়ে মারধর করে।
খবর পেয়ে সহকর্মীরা গিয়ে বাবুকে উদ্ধার করেন।
এদিকে রাত ৮টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় জড়িত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান তিনি।
জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন এই পুলিশকর্তা। এদিকে এই ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলারও প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক বাবু।
