২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও মাদারীপুরে ৫ জনকে হত্যা

এক রাতে এক ঘণ্টার ব্যবধানে পাবনা ও মাদারীপুরে পাঁচজন খুন হয়েছেন। দুই জেলায় হত্যাকাণ্ডের ধরন ছিল একই রকম।

মাদারীপুর প্রতিনিধি

পাবনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 12:06 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

পাবনার আতাইকুলায় নিহত তিনজন আওয়ামী লীগকর্মী বলে সংসদ সদস্য জানালেও দলটির স্থানীয় নেতারা বলছেন, নিহতরা ছিল চরমপন্থি দলের সদস্য।

মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে নিহত দুজনের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক। অন্যজন ভ্যানচালক বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শনিবার রাত সোয়া ৮টা এবং সোয়া ৯টার মধ্যে সংঘটিত এই দুটি হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পাবনার হত্যাকাণ্ডটি ঘটে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আতাইকুলার পুষ্পপাড়া বাজারে রাত ৮টা ১৫ মিনিটের দিকে।

নিহতরা হলেন- ধর্মগ্রামের কামাল হোসেনের ছেলে সুলতান মাহমুদ, একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ফজলুর রহমান ফজলু এবং পাশের পীরগাছা গ্রামের আফসার আলীর ছেলে আব্দুস সালাম।

আতাইকুলা থানার ওসি আকরাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিনজনই পুষ্পপাড়া বাজারে চায়ের দোকানে বসে ছিল।

“এ সময় মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী এসে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার পর পালিয়ে যায়।”

এক সময় চরমপন্থি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচত পাবনায় নিহত এই তিনজনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজিসহ সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানায়।

পাবনা সদর আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, নিহতরা তার দলের সদস্য।

তবে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতরা আওয়ামী লীগের কেউ নয়। এলাকায় নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত।”

এলাকাবাসী জানায়, নিহত তিন ‘সন্ত্রাসী’ প্রকাশ্যে এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে চলাফেরা করলেও তারা মূলত চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন।

“তারা এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ছিনতাই রাহাজানির সঙ্গে জড়িত ছিল। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তবে ভয়ে কিছু বলতে পারত না,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন।

তিনজনকে হত্যাকাণ্ডের পরপরই ঢাকা-পাবনা মহাসড়কের পুষ্পপাড়া বাজারের সব দোকান-পাট বন্ধ হয়ে যায়। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মাদারীপুরের হত্যাকাণ্ডটি রাত সোয়া ৯টার দিকে টেকেরহাট বন্দর এলাকায় ঘটে বলে জেলা পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহতদের একজন টেকেরহাট আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল বাশার (৪৫)। অন্যজন ভ্যানচালক বলে বলে জানতে পেরেছে পুলিশ, তবে তার পরিচয় পাওয়া যায়নি।

রাজৈর থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

পুরনো খবর:

হালুয়াঘাটে সাবেক ইউপি সদস্য খুন
রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন