রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন
রাজধানীর কদমতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ১৬ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১০টার দিকে রায়েরবাগ কদমতলী থানা এলাকায় মিরাজনগর মাদ্রাসার পাশে শফিকুল ইসলাম শফিককে (১৬) ছুরিকাহত করা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
শফিক রহিজ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, ওই স্কুলছাত্রকে বুকে ও পেটে ছুরিকাহত অবস্থায় আকাশ চৌধুরী ও হৃদয় নামের দুই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ আকাশ ও হৃদয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবক
আফজাল এবং রাকিব ছেলেটিকে ছুরিকাঘাত করেছে। আহতাবস্থায় পেয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন।
কদমতলী থানার এসআই সারওয়ার হোসেন জানান, তারা ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে গেছেন। হত্যকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদঘাটনের চেষ্টা করছেন।
