২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন আহত

যশোরে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছে শহরে ‘সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত মাসুদুর রহমান নান্নু।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

কোতয়ালি থানার উপ পরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনী শহরতলীর ভাতুড়িয়ায় অভিযান চালায়।

“সেখানে বাবুর বাড়ির সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখে সন্ত্রাসীরা বোমা হামলা চালায় ও গুলি করে।

“সন্ত্রাসীরা দুইটি বোমা ও ৫/৭ রাউন্ড গুলি ছোড়ে । পুলিশও পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

“এসময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় নান্নুকে আটক করা হয়।”

তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি এবং বোমার বিস্ফোরিত অংশ উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানিয়েছেন, সন্ত্রাসী নান্নুর বিরুদ্ধে দুইটি হত্যাসহ ১৩টি অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

এদিকে নান্নুর ছোট ভাই বাবু দাবি করেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ভাইকে শহরের মণিহার এলাকার ফলপট্টির রিপনের দোকান থেকে কোতয়ালি থানার উপ পরিদর্শক সোয়েব হোসেন ধরে নিয়ে যান।

তারপর তারা তাকে গুলি করা হয়েছে জানতে পেরে হাসপাতালে আসেন।

হাসপাতালের চিকিৎসক নান্নুকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন।

অর্থপেডিক্স সার্র্জন আব্দুর রশিদ বলেন, “গুলি তার হাটুতে লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া প্রয়োজন।”

যশোর শহরে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন নান্নু বারান্দি মোল্লাপাড়ার লুৎফর রহমানের ছেলে।