পাঁচ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে আট জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলাগুলোর বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে চিতলমারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, শনিবার দুপুরে বৃষ্টির সময় মাঠে কাজ করা সময় বজ্রপাতে আকরাম শেখের (৪৫) মৃত্যু হয়।
আকরাম চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের সাখাওয়াত শেখের ছেলে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো আটজন।
নিহতরা হলেন- মহেশপুর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে সাইদুর রহমান ( ২৩ ) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের আয়নাল মোল্লা ( ৪০ )।
মহেশপুর থানার ওসি শাহাজাহান আলি জানান, সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় কুশোডাঙ্গা গ্রামের সাইদুর বজ্রপাতে আহত হন। পাশ্ববর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, সকালে কাগমারি গ্রামের আয়নাল মোল্লা বৃষ্টির মধ্যে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে আহত হন। তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও জেলার শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলায় বজ্রপাতে আট জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা সদর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সকালে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে আমেনা বেগম (৪০) মারা যান।
আমেনা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সাদেক লেবু বলেন, সকাল ৯ টার দিকে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমেনা বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কয়েক দফায় বজ্রপাতের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, সকাল থেকেই চুয়াডাঙ্গায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
সকাল ৮টার দিকে মান্দার আলী তার বাড়ির উঠান থেকে একজোড়া গরু গোয়ালে তুলতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার একজোড়া গরুও মারা যায়।
জীবননগর থানার এস আই দুলাল উদ্দিন বলেন, “সকালে বৃষ্টি থামলে সাদেক আলী বাড়ি থেকে বের হয়ে মাঠে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
তিনি জানান, জীবননগর উপজেলায় একই সময়ে পৃথক কয়েকটি বজ্রপাতে আহত হয়েছেন ১০ জন। তাদের সবাইকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকালে বজ্রপাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের প্রয়াত গিয়াস উদ্দীনের ছেলে আনিসুর রহমান (৫৫) এবং দুর্লভপুর ইউনিয়নের নতুন বারোরশিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে মনিরুল ইসলাম মনির (৩৫) মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি অশিকুর রহমান জানান, আম বাগান পাহারা দেয়ার সময় সকাল সাড়ে ৬টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলে আনিসুরের মৃত্যু হয়।
এদিকে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ নাজমুল কবির মুক্তা জানান, সকালে বাড়ির পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে মনিরুল ইসলামের মৃত্যু হয়।
