২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কয়েক দফায় বজ্রপাতের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- দামুড়হুদার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের লেদু মিয়ার ছেলে কৃষক মান্দার আলী (৪৫) এবং  জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের হাশেম আলীর ছেলে সাদেক আলী (২২)।

দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, সকাল থেকেই চুয়াডাঙ্গায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

সকাল ৮টার দিকে মান্দার আলী তার বাড়ির উঠান থেকে একজোড়া গরু গোয়ালে তুলতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার একজোড়া গরুও মারা যায়।

জীবননগর থানার এস আই দুলাল উদ্দিন বলেন, “সকালে বৃষ্টি থামলে সাদেক আলী বাড়ি থেকে বের হয়ে মাঠে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

তিনি জানান, জীবননগর উপজেলায় একই সময়ে পৃথক কয়েকটি বজ্রপাতে আহত হয়েছেন ১০ জন। তাদের সবাইকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।