২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বজ্রপাতে নিহত ৭

নওগাঁর মহাদেবপুর, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে, আহত হন অন্তত ৫৫ জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:51 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার সকালে মহাদেবপুরের সরস্বতীপুর হাটে মারা যান পাঁচ জন, পোরশা ও নিয়ামতপুরে মারা যান এক জন করে।

মহাদেবপুরে মারা যান ভেবরী গ্রামের আফজাল হোসেন (৩৫), দাসরা গ্রামের ইয়াকুব আলী (২০) উত্তর গ্রামের শামসুল আলম (৩৫), চৌমাসিয়া গ্রামের হাফিজুর রহমান (৪২), সদরের ফারাকপুর গ্রামের আজিজার রহমান (৪০), পোরশায় মারা যান উপজেলার পাথরডাঙ্গা গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াসমিন (৩৫) এবং নিয়ামতপুরে ‍নিহত হন উপজেলার বুধুরিয়া গ্রামের বৃদ্ধ সোনাবর মিয়া (৬০)।

আহতদের মধ্যে অন্তত ৪০ জনকে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মহাদেবপুর থানার ওসি এনায়েতউদ্দিন জানান, ভোররাত থেকেই বৃষ্টি হচ্ছিল। সকালে সরস্বতীপুর হাটে ধান বেচাকেনার সময় বৃষ্টিপাত শুরু হলে লোকজন হাটের মধ্যে পুশু হাসপাতালের বারান্দায় আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চার জন এবং হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।

আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বেশিরভাই হাটে আসা কৃষক, ব্যবসায়ী ও ভ্যানচালক বলে জানান তিনি।

পোরশা থানার ওসি শফিউল আযম জানান, সকালে বাড়িতে কাজ করার সময় গৃহবধূ সাবিনা ইয়াসমিন মারা যান।

নিয়ামতপুর থানার ওসি শামসুল আলম জানান, সকালে নিজ বাড়িতে বৃদ্ধ সোনাবর মিয়ার মৃত্যু হয়।

এদিকে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে তিনি মহাদেবপুরে নিহতদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত ৩৩ জনকে ১০ হাজার টাকা করে প্রদান করেছেন।

বাকি হতাহতদের পরে সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।