বরিশাল উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন
ভোটের দুই সপ্তাহ আগে বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
গত ২৮ এপ্রিল এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাহাজাহানকে রিটার্নিং এবং বরিশাল ও ভোলার জেলা নির্বাচন করর্মকর্তাকে সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়।
সম্প্রতি উপ-নির্বাচনের এক প্রার্থীকে ‘বিশেষ সুবিধা’ দেয়ার অভিযোগ উঠে মো. শাহাজাহানের বিরুদ্ধে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিলও করেছেন এক প্রার্থী।
সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আগামী ১২ জুন ভোট হবে।
