ন্যাম মন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ সহসভাপতি নির্বাচিত
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সোমবার শুরু হয়েছে জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের সপ্তদশ সম্মেলন, যা চলবে চার দিন।
সোমবার বিকালে সম্মেলনের কর্মকর্তা পর্যায়ের দুই দিনের অধিবেশন উদ্বোধন করেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী র্যামটান লামামরা।
সম্মেলনের শেষ দুই দিন হবে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন।
মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রথম দিনেই বাংলাদেশকে সহ-সভাপতি নির্বাচিত করা হয় বলে আলজিয়ার্স থেকে জানিছেন সম্মেলনে অংশ নেয়া জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।
মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এ সম্মেলনে ন্যামের সদস্য ১২১ রাষ্ট্রের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এছাড়াও রয়েছেন ১৭টি দেশের পর্যবেক্ষক।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে রাষ্ট্রদূত মোমেন ৪০ বছর আগে একই মিলনায়তনে অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের কথা স্মরণ করেন।
রাষ্ট্রদূত বলেন, “২০০১ সালে ন্যাম সম্মেলন আয়োজন উপলক্ষে ঢাকায় ন্যাম ফ্ল্যাট, কনফারেন্স হল নির্মাণ করা হয়। কিন্তু ওই বছরই অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় সম্মেলন হতে পারেনি।
“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যদি ২০০১ সালের নির্বাচনে পুননির্বাচিত হতে পারতো তাহলে আজ ওই দুঃখজনক অধ্যায়ের অবতারণা করতে হত না।”
এ সময় উপস্থিত সবাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। সম্মেলন কেন্দ্রে স্থান পেয়েছে ১৯৭৪ সালে ন্যাম সম্মেলনে বঙ্গবন্ধুর বক্তব্যের সেই ছবি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ-মার্কিন মেরুকরণের বিপরীতে গড়ে উঠেছিল জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। কিন্তু দু্ই যুগ আগে সোভিয়েত পতনের পর বিশ্ব রাজনীতিতে অনেকটাই গুরুত্ব হারিয়েছে এই জোট।
