সাতখুনের ঘটনায় ৬ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জে সাতখুনের ঘটনায় হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ফতুল্লা মডেল থানা এবং সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
সোমবার বিকাল সোয়া ৩টা থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাত ঘণ্টারও বেশি সময় ধরে জেলা সার্কিট হাউজে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় কমিটির কাছে আরো বেশ কয়েকজন সাক্ষ্য দেন।
জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী বলেন, “তদন্ত কমিটির সবাই মঙ্গলবার আবার বৈঠকে বসবে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে আর কোন শুনানি করা হবে কি না?
“আর শুনানি হলে কাদের ডাকা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
এদিন ফতুল্লা মডেল থানার সাবেক ওসি আকতার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসি আবদুল মতিন, ফতুল্লা মডেল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, জেলা ডিবির সাবেক পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল, ফতুল্লা মডেল থানার সাবেক উপপরিদর্শক ফজলুল হক ও জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৩০ এপ্রিল অপহৃত সাতজনের লাশ উদ্ধারের পর তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
আইনজীবীদের দ্বন্দ্ব
সোমবারও খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আদালত বর্জন করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা।
দুপুরে জেলার আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
তবে জেলা আইনজীবী সমিতি নূর হোসেনের সঙ্গে ফোনালাপের ঘটনায় সাংসদ শামীম ওসমান আবারো জিজ্ঞাসাবাদের দাবি জানালেও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই দাবি তুলে সাতখুনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা বলছেন।
মহিলা পরিষদের মানববন্ধন
সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর কার্যালয়ের সামনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খুনীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়।
মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণা ঘোষ, অ্যাডভোকেট হাসিনা পারভীন, রহিমা খাতুন, সাহানারা বেগম, মনোয়ারা বেগম, নীলিমা বেগম, শাহনাজ আক্তার সুপ্তি প্রমুখ।
