নরসিংদীতে ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ গ্রেপ্তার, গুলিতে আহত
নরসিংদী শহরের একটি আবাসিক হোটেল থেকে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক যুবক পুলিশের গুলিতে এবং দুই পুলিশ সদস্য তাদের হামলায় আহত হয়েছেন।
সোমবার নরসিংদী বাজারের ছাত্তার বোর্ডিং থেকে গ্রেপ্তাররা হলেন সোহাগ আহমেদ ভুট্টো (৩০), মাহবুবুল আলম রানা (৩০), মতিন (৩৯), গাফ্ফার (২৮) ও পরিমল (৪৫)।
এ সময় তাদের হেফাজতে থাকা বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি পরিদর্শক শাহাদত হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৪টায় ছাত্তার বোর্ডিংয়ে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ভুট্টো আহত হন।
এছাড়া ভুট্টোর হাতে থাকা চাপাতির আঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহমেদ এবং পিস্তলের বাটের আঘাতে পুলিশ কনস্টেবল সোহেল আহত হন।
আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
