গাজীপুরে অপহৃত তিন স্কুল শিক্ষার্থী উদ্ধার
গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের একদিন পর রাজধানীর উত্তরা থেকে তিন স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা খাতুন জানিয়েছেন।
উদ্ধাররা হলেন-গাজীপুরা এলাকার একটি কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র, তার বড় বোন কুষ্টিয়ার ভেড়ামারার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং গাজীপুরা আইডিয়াল স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী।
উপপরিদর্শক মালেকা বলেন, রোববার দুপুরে উত্তরার কামারপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
উপপরিদর্শক জানান, ভেড়ামারার এক নারী তার সাত বছরের ছেলেকে নিয়ে টঙ্গীর গাজীপুরা এলাকায় তোতামিয়ার বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ছেলেটি গাজীপুরা এলাকার একটি কিন্ডার গার্টেনের নার্সারী ক্লাসে লেখাপড়া করে।
তার মেয়ে ভেড়ামারায় থেকে লেখাপড়া করে। কয়েকদিন আগে গ্রাম থেকে গাজীপুরা এলাকায় মায়ের কাছে বেড়াতে আসেন তিনি। এসময় প্রতিবেশী গাজীপুরার আইডিয়াল স্কুলের ওই ছাত্রীর সঙ্গে সখ্য তার।
“গত শনিবার সকালে চিড়িয়াখানায় যাওয়ার কথা বলে প্রতিবেশি মেয়েটিকে নিয়ে দুই ভাই-বোন তাদের পূর্ব পরিচিত কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার মাহবুবুর রহমান, তন্ময় ও রাফি নামের তিন যুবকের সঙ্গে বের হন। মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঘোরার পর উত্তরার ১০নম্বরে সেক্টরের কামারপাড়া এলাকায় তন্ময়ের বাসায় নিয়ে তাদের আটকে রাখা হয়,” বলেন পুলিশ কর্মকর্তা মালেকা।
এ ঘটনায় শনিবার রাতেই টঙ্গী থানায় অভিযোগ করা হয়। এরপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুপুরে তাদের অবস্থান সনাক্ত করা হয় বলে জানান তিনি।
