বরিশাল মেডিকেলে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের শিশু বিভাগে এ ঘটনা বিষয়ে দুই রকম পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষের।
রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার বৈচন্ডীপুর এলাকার মামুন হোসেনের স্ত্রী মারুফা বেগম (২২) হাসপাতালেই শিশুটির জন্ম দেন।
তিনি অভিযোগ করেন, কিন্তু হাসপাতালে অক্সিজেনের সংকট থাকায় জন্মের মাত্র একঘণ্টা পরই মৃত্যু হয় শিশুটির।
এ ব্যাপারে হাসপাতালের ফার্মাসিস্ট মো. ইউসুফ বলেন, “শুক্রবার সকাল থেকেই হাসপাতালে অক্সিজেন সংকট চলছে। মাত্র একটি গাড়ির মাধ্যমে সারা দেশে অক্সিজেন সরবরাহ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।”
হাসপাতালে অক্সিজেনের কোন সংকট নেই দাবি করে পরিচালক ডা. কামরুল হাসান সেলিম বলেন, "ফার্মাসিস্ট ইউসুফ কিছুই জানে না। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে।"
অক্সিজেনে অভাবে শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি।
