দুই জেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
জামালপুর ও নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে দুজন মারা গেছেন।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বৃহস্পতিবার রাতে নিহত হন সাতভিটা গ্রামের লাল চাঁনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং শুক্রবার সকালে নরসিংদীতে নিহত হন মনির হোসেন (২৪)।
জামালপুর জিআরপি থানার ওসি খোকন চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন জামালপুর কোর্ট স্টেশন এলাকায় পৌঁছে ঝড়ের কবলে পড়ে।
এ সময় ওই ট্রেনের ছাদ থেকে সিরাজুল ও সাইফুলসহ চারজন পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল।
খবর পেয়ে জামালপুর জিআরপি পুলিশ শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে। সিরাজুল ও সাইফুল ঢাকায় কাজ শেষে বাড়িতে ফিরছিলেন বলে ওসি জানান।
নরসিংদী রেলওয়ে থানার এএসআই আদম আলী জানান, ভোরে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। এসময় রেললাইনের ওপর ফুট ওভারব্রিজের সঙ্গে আঘাত লেগে ট্রেনের ছাদে দাঁড়িয়ে থাকা মনির হোসেন (২৪) নিচে পড়ে যান।
অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এএসআই আদম আলী।
