রাজশাহীতে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উচ্ছেদ
রাজশাহীতে আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আরেকটি ‘অবৈধ’ ক্যাম্পাস উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর উপশহর এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান।
এর আগে ১৯মে একই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে একই বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, হাইকোর্টের আদেশ পেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রজশাহী জেলা প্রশাসনের কাছে আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাস উচ্ছেদের নির্দেশনা দেন।
সেই নির্দেশনা অনুযায়ী এ অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, নগরীর উপশহর এলাকায় ২৪০/২ নং বাড়িতে এ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস ছিল। অভিযান চালানোর সময় এখানে বিশ্ববিদ্যালয়ের কেউ আসেনি।
ওই সময় সেখানে একজন প্রশাসনিক কর্মকর্তা সেখানে উপস্থিত পাওয়া যায়।
অভিযান চলাকালে সাইনবোর্ড, ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র, কম্পিউটার, ও রেজিস্ট্রারের কার্যালয়ের অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভবন সিলগালা করে দেয়া হয়।
