২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘অবৈধ’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উচ্ছেদ

রাজশাহী নগরীতে অবৈধভাবে স্থাপনের অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 09:03 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নগরীর তালাইমারী এলাকার ১৪৫ নাটোর রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নাম আমেরিকান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়।

ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, হাইকোর্টের আদেশ পেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রজশাহী জেলা প্রশাসনের কাছে আমেরিকান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাস উচ্ছেদের নির্দেশনা প্রদান করে।

সেই নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত, বলেন তিনি।

অভিযানে বিশ্ববিদ্যায়টির মালামাল জব্দ এবং ভবনের গেট সিলগালা করা হয়েছে। ক্যাম্পাসের বাইরে থাকা সাইনবোর্ডও জব্দ করা হয়, যাতে লেখা ছিল ‘ইউজিসি ও গভর্নমেন্ট অ্যাগ্রুভড’।

ম্যাজিস্ট্রেট আরো জানান, রেজিস্ট্রারের কক্ষের তালা ভেঙে ভেতরের খাতাপত্র ও চেয়ার-টেবিলগুলো জব্দ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।