এম কে রহমানকে অব্যাহতি
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বাদ পড়েছেন এম কে রহমান, যিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার আইন মন্ত্রণালয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এম কে রহমানের (মোহাম্মদ খলিলুর রহমান) অব্যাহতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
এর ফলে তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বও হারালেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে প্রজ্ঞাপনে এই বিষয়ে কিছু বলা হয়নি।
এক সপ্তাহ আগে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অনুপস্থিতিতে এই দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বাদ পড়ায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সমন্বয়ক হিসাবে এম কে রহমান থাকতে পারবেন কি না- জানতে চাইলে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ আমিনুল ইসলাম বলেন,আইনমন্ত্রী দেশে ফিরে বিষয়টি স্পষ্ট করবেন।
এম কে রহমান (ফাইল ছবি)
আইনমন্ত্রী আনিসুল হক সকালে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও রয়েছেন। তার অনুপস্থিতিতে আমিনুল ইসলাম সচিবের দায়িত্বে রয়েছেন।
আইনমন্ত্রী ও আইন সচিবের আগামী ২৮ মে দেশে ফেরার কথা রয়েছে।
এম কে রহমানের ট্রাইব্যুনালের দায়িত্বের বিষয়ে জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের।
এম কে রহমানকে গত বছরের ৩০ জানুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছিল। আওয়ামী লীগ গত মেয়াদে সরকার গঠনের পর ২০০৯ সালের মার্চে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান এই আইনজীবী।
