চুয়াডাঙ্গায় বালি চাপা পড়ে শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বালির নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে লোকনাথপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান।
নিহত লুৎফর রহমান (৪০) উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লুৎফরসহ ১০/১২ জন শ্রমিক লোকনাথপুর বালির মাঠে গর্ত থেকে বালি নিয়ে ট্রাক্টরে তুলছিলেন। এ সময় গর্তের উপরিভাগের বালি ধসে চাপা পড়েন লুৎফর।
সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
