২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নদীতে ডুবে বুয়েট ছাত্রসহ ২ জনের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন তিন জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 08:37 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার দুপুরে ভেলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে মৃতদের স্বজনরা জানান।

মৃতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার আব্দুল মাজেদের ছেলে বুয়েটের শিক্ষার্থী মোস্তাকিম তাজ (১৮) ও তার খালাত ভাই রিফাত আহম্মেদ (১৭)।

অসুস্থরা হলেন রিফাতের বোন ঢাকা ইডেন কলেজের ছাত্রী লিজা, তার খালাত ভাই বাবু এবং সোমা নামে একজন।

এদের মধ্যে প্রথম দুজনকে ঢাকা পাঠানো হয়েছে এবং সোমাকে বগুড়ার স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মৃত দুজনের খালা ফেরদৌসী বেগম জানান, কদিন আগে অসুস্থ নানিকে দেখতে তারা পাঁচ জন সারিয়াকান্দির ভেলাবাড়ি গ্রামে যান। রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নামেন।

ফেরদৌসী বেগম বলেন, ওই পাঁচজনের কেউ সাঁতার জানত না। নদীতে পানি কম থাকায় তারা নির্ভয়ে নেমেছিল। কিন্তু বালু উত্তোলনের কারণে সেখানে যে খাদের সৃষ্টি হয়েছিল সেটা তাদের জানা ছিল না। এক পর্যায়ে তারা সেই খাদে পড়ে যান।

তিনি আরো জানান, খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে। পাঁচ জনকে বগুড়ায় নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়। অপর চার জনকে বগুড়া শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাজের অবস্থার অবণতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়,  সেখানেই তার মৃত্যু হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ্ আলমগীর ভুইয়া জানান, হাসপাতালে চিকিৎসার জন্য তাজ নামে একজনকেই আনা হয়েছিল, পরে সে মারা যায়।

সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা তার লাশ নিয়ে যায় বলে জানান আলামগীর।