চট্টগ্রামের ২১ জামায়াত নেতাকর্মীর রিমান্ড নামঞ্জুর
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার অনুমতি পায়নি পুলিশ।
রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত তাদের জেল গেটে জিজ্ঞাসবাদের অনুমতি দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রিমান্ডের আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
“তবে প্রয়োজনে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যাবে।”
গত ১২ মে বিকালে নগরীর সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় জামায়াত কার্যালয় থেকে ওই ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
ওই রাতেই নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত ২০১২) এর ৬ ধারার ১(ক) , ১০, ১১ ও ১২ ধারায় মামলাটি করেন।
গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাও রয়েছেন। গ্রেপ্তারের পর নিজ নিজ প্রতিষ্ঠান ওই দুজনকে সাময়িক বরখাস্ত করে।
ওই কার্যালয়ে তল্লাশি চালিয়ে পেট্রোল, পটাশ, বোতল, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
সাবেক সংসদ সদস্য শামসুলের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।
