টপ অফ মাইন্ড ও মাস্টহেডের কার্যালয়ে চুরি
রাজধানীর বারিধারায় একটি ভবনের জানালার গ্রিল কেটে একটি বিজ্ঞাপনী সংস্থা ও একটি পাবলিক রিলেশনস অফিসে চুরির ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে বলে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা দাবি করেছেন।
মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ডিওএইচএসের বারিধারার ২ নম্বর সড়কের ১৭৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় বিজ্ঞাপনী সংস্থা টপ অফ মাইন্ড এবং চতুর্থ তলায় পাবলিক রিলেশনস প্রতিষ্ঠান মাস্টহেড পিআরের অফিসে এ চুরির ঘটনা ঘটে।
মাস্টহেডের সহকারী ব্যবস্থাপক জাকারিয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৃতীয় ও চতুর্থ তলায় যেখানে অ্যাকাউন্টস বিভাগ সেখানকার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা অফিসগুলোতে ঢোকে। বুধবার সকালে সবাই অফিসে এসে দেখেন সবকিছু তছনছ করা।
দুই অফিস থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বুধবার সকালে বিজ্ঞাপনী সংস্থা টপ অফ মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল ও এমডি ফরহাদ করিম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, চুরিতে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
