বন্দরে চুরি যাওয়া কাপড় মিলল নগরীর গুদামে
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে চুরি যাওয়া ২৬০ বেল কাপড় নগরীর একটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে টেরিবাজারের কাটা পাহাড় লেইনে একটি ভবনের গুদাম থেকে কাপড়গুলো উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (২৮) নামে এক যুবককেও আটক করেছে পুলিশ।
ওসি জাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ২৬০ বেল কাপড় উদ্ধার করা হয়।
“চুরি যাওয়া কাপড়গুলো আমির হোসেনের মাধ্যমে টেরিবাজারের নবী নামে এক ব্যক্তি কিনেছিলেন।”
নবীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, বন্দরের ভেতর থেকে স্থানীয় একটি চক্র কাপড়গুলো বের করে এনে আমির হোসেনের মধ্যস্থতায় টেরিবাজারে বিক্রি করে দেয়।
চক্রের অন্য সদস্যদের সনাক্ত করা গেছে জানিয়ে জাহেদ বলেন, তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে এখনি তাদের পরিচয় বলা যাচ্ছে না।
সোমবার চট্টগ্রাম বন্দরের জেআর ইয়ার্ড থেকে বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের মালিকানাধীন ওনার্স ডিজাইন লিমিটেডের আনা ডেনিম জিন্সের প্রায় ৩০০ বেল কাপড় চুরি হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসুদুর রহমান মঙ্গলবার বিকালে একটি মামলা করেন। বন্দরের পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
