পৌর মেয়রের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলা
সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠী পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভার ঝালকাঠী বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন আইনে এ মামলা করেন ২ নম্বর প্যানেল মেয়র রেজাউল করিম জাকির।
আসামিরা হলেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্যানেল মেয়র প্রণব কুমার নাথ ভানু, কাউন্সিলর রিজিয়া বেগম, পৌর সচিব শাহিনা আক্তার ও নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ।
বাদীর আইনজীবী পার্থ সারথি রায় জানান, ঝালকাঠী বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কিরণ শংকর হালদার বিষয়টি আমলে নিয়ে বরিশাল দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
তবে প্রতিবেদন দাখিলের জন্য কোনো সুনির্দিষ্ট সময় ঠিক করে দেননি বিচারক।
এ সময় সড়কের পাশের এক কোটি টাকা মূল্যের ১৫০টি মেহগনি ও ৫০টি রেইনট্রি গাছ বন বিভাগের অনুমতি ও টেন্ডার ছাড়াই বিক্রি করে টাকা আত্মসাত করেন পৌর মেয়র ও তার সহযোগীরা।
পৌর মেয়র আফজাল হোসেন দাবি করেন, শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য আইনগত নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমেই গাছ কাটা হয়েছে।
গাছ বিক্রির টাকা পৌর তহবিলে জমা দেয়া হয়েছে দাবি করেন তিনি বলেন, “কতিপয় কাউন্সিলররা আমার কাছ থেকে অবৈধ সুযোগ না পেয়ে এ মিথ্যা মামলা করেছেন।”
