২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হামলায় ২ জন নিহত

লক্ষ্মীপুরে পৃথক হামলায় দুইজন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:52 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এর মধ্য বুধবার সকালে সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় এক যুবক ও মঙ্গলবার রাতে রামগতি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন অপরজন।

নিহতরা হলেন, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের নূর নবীর ছেলে মো. সোহাগ (২৫) ও রামগতি উপজেলার হারুন বাজার এলাকার সেকান্তর হোসেন (৪৮)।

লক্ষ্মীপুর সদর থানার এসআই সোহাগ জানান, ক্রিকেট খেলা নিয়ে ফিরোজ আলম ও মো. সোহাগের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ফিরোজ ইট দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। পরে তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠায়। সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রামগতি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আব্দুর জাহের মাঝি ও তার লোকজন মঙ্গলবার বিকালে সেকান্তরের বাড়িতে এসে হামলা চালায়। এতে গুরুতর আহত সেকান্তরকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগেআব্দুর জাহেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আবুল কালাম।