সেতু নির্মাণে দুই বিভাগের কাজের পরিধি স্পষ্ট করার নির্দেশ
সেতু নির্মাণে সড়ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের কাজের পরিধি স্পষ্ট করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবিষয়ে একটি প্রস্তাব তৈরির জন্য তিন সচিবকে দায়িত্বও দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “১৫’শ মিটার বা তার চেয়ে বেশি দৈর্ঘ্যের সেতু তৈরি করে থাকে সেতু বিভাগ, এর চেয়ে কম দৈর্ঘ্যের সেতু সড়ক বিভাগ তৈরি করে এবং স্থানীয় দাবি অনুযায়ী এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) করে থাকে।
“স্থানীয় সরকার বিভাগ থেকে সেতু নির্মাণের পর বড় স্থাপনা করতে সড়ক বিভাগও কাজ করে, এখানে অস্পষ্টতা রয়েছে, দুই বিভাগের কাজের সমন্বয় করতে এ উদ্যোগ।”
“দুই বিভাগের কাজের সমন্বয় ও স্পষ্ট করতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও সড়ক বিভাগের সচিবকে একটি প্রস্তাব মন্ত্রিসভায় দেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
“কোন ধরণের সেতু সড়ক বিভাগ করবে আর কোন ধরনের সেতু স্থানীয় সরকার বিভাগ করবে এই প্রস্তাব দেবে তিন সচিব।”
সভায় ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “১৯৮৫ সালের যমুনা মাল্টিপারপাস ব্রিজ অথরিটি অর্ডিনেন্স’ অধ্যাদেশকে আইনে পরিবর্তন করতে এ উদ্যোগ।
“১৯৯৬, ১৯৯৮ ও ২০০৯ সালে এ অধ্যাদেশ সংশোধন করে এর কার্যপরিধি সম্প্রসারিত করে ১৫০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ ও বাস্তবায়নের দায়িত্ব কর্তৃপক্ষকে দেয়া হয়।”
আইনে পরিবর্তন করতে অধ্যাদেশ থেকে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করা হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,“আইনে সর্বোচ্চ বডির নাম হবে ‘সেতু কর্তৃপক্ষ বোর্ড’ এবং এর চেয়ারম্যান হবেন যোগাযোগ মন্ত্রী, সেতু কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হবেন নির্বাহী পরিচালক।”
বাংলাদেশ-চিলি ভিসা অব্যাহতি চুক্তি
সোমবারের বৈঠকে বাংলাদেশ ও চিলির মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ২০১১ সালের জুলাই মাসে এ চুক্তি সাক্ষরিত হয়।
“কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অনুর্ধ্ব ৯০ দিনের জন্য ভিসা অব্যাহতি সুবিধা পাবেন।”
বৈঠকে ঢাকায় সার্ক মন্ত্রিপরিষদের সচিবদের দ্বিতীয় সভার আয়োজন এবং সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
