২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

হাই কোর্টের আদেশ মেনে নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে অভিযোগের মুখে থাকা র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 05:14 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

আদালতের আদেশ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে পৌঁছার পর প্রতিমন্ত্রী বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় একথা জানান।

এই তিন কর্মকর্তা হলেন- র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা।

এদের মধ্যে তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়েজামাই। নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এ থাকা এদের সবাইকে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয়েছে।

তাদের গ্রেপ্তারে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

তাহলে কি ধরে নেয়া যায় যে যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে- সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি একটু হেসে বলেন, “কাউকে গ্রেপ্তার করতে একটি প্রক্রিয়া লাগে। আদালতের নির্দেশ অনুয়ায়ী সেই প্রক্রিয়াই চলছে।”

সামরিক বাহিনী থেকে সদ্য অবসরে যাওয়া এই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি আসাদুজ্জামান।

কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত জনের হত্যার এই মামলা তদন্ত করছেন নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশীদ।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তাকে টেলিফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এখন নারায়ণগঞ্জের বাইরে আছেন।

সাবেক তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, “এক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন করার একটি বিষয় আছে। প্রক্রিয়া সম্পন্ন করেই পদক্ষেপ নেয়া হবে।”

এর আগে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী আদালতের আদেশের অনুলিপি পেয়ে সাংবাদিকদের বলেন, “আমরা আদেশের কপি পেয়েছি। এখন আদালতের আদেশ পালনে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”

সাত হত্যাকাণ্ডের সন্দেহভাজন ২১ জনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে হত্যামামলায় গ্রেপ্তার এবং বাকিদের ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।

তবে এজাহারভুক্ত আসামি এবং অভিযোগের মুখে থাকা র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ জানিয়ে আসছে নিহতদের স্বজনরা।

নিহত চন্দন সরকারের জামাতা বিজয় পালসহ তিনজন রোববার হাই কোর্টে গেলে আদালত সাবেক র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।

আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আইজিপিকে নির্দেশ দেয়া হয়।

হাই কোর্টের আদেশে বলা হয়, চাকরিচ্যুত ওই তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি বা অন্য কোনো বিশেষ আইনে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করতে হবে।

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্যও হাই কোর্টের নির্দেশনায় বলা হয়।

এই হত্যাকাণ্ডে র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর হাই কোর্ট স্বতঃপ্রণোদিত এক আদেশে এই ঘটনাটি খতিয়ে দেখতে প্রশাসনিক তদন্ত করতে সরকারকে বলেছিল।

ওই আদেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এর মধ্যেই নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, নারায়ণগঞ্জের আরেক কাউন্সিলর নূর হোসেন ও তার সহযোগীদের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়ে র‌্যাব সদস্যরা তার জামাতাসহ সাতজনকে ধরে নিয়ে হত্যা করেছে।

ওই অভিযোগ ওঠার পর গত ৭ মে সাঈদসহ র‌্যাব-১১ এর ওই তিন কর্মকর্তাকে চাকরি থেকে অকালীন অবসরে পাঠানো হয়।

পুরনো খবর:

র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারের আদেশ পুলিশ সদর দপ্তরে
৭ খুন: চাকরি গেল সেই ৩ র‌্যাব কর্মকর্তার
র‌্যাবের সেই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ
আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী