২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক যোগাযোগ বন্ধ

জেলা পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলায় কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতেও বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বলেন, মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ, সড়ক মেরামত এবং গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক আটটি বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়।

তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-মহাসড়কে অনুমোদনহীন মাত্রাতিরিক্ত অটোরিকশা চলায় মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এসব দুর্ঘটনার পর বাস-ট্রাক মালিক-শ্রমিকদের দায়ী করা হচ্ছে।

জেলায় দুই হাজার সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমোদন থাকলেও ১৬ হাজারের বেশি অটোরিকশা চলছে দাবি করে তিনি বলেন, এসব বন্ধে বারবার কর্তৃপক্ষকে জানালেও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ হচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশরারফ হোসেন বলেন, তারা এই বিষয়ে বৈঠকে বসেছেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বৈঠক চলবে।

বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আব্দুর রব বলেন, গাড়ি পোড়ানোর ঘটনায় সুনির্দিষ্ট মামলা না দেয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য তদন্ত করছে।