অবরুদ্ধ উপাচার্য, ৩ ঘণ্টা পর শাবির সিন্ডিকেট সভা শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সুপারিশে মেধাবীদের বঞ্চিত ও শিবির সমর্থকদের নাম থাকায় উপাচার্যকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার বেলা ১১টায় সিন্ডিকেটের বৈঠক শুরু আগে সকাল সাড়ে ১০টার দিকে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ অবস্থান নেয়।
পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে বেলা দেড়টার দিকে প্রশাসনিক ভবনের তালা খুলে নেয়া হলে ২টায় সিন্ডিকেটের বৈঠক শুরু হয়।
সোমবার সিন্ডিকেটের বৈঠকে রসায়ন ও সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ বিষয়ে বাছাই কমিটির সিদ্ধান্ত ওঠার কথা ছিল।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাস বলেন, এ দুই বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বাছাই কমিটি যাদের নাম সুপারিশ করেছে তাদের মধ্যে রসায়ন বিভাগের সাইফুল ইসলাম ও সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আমিনুল ইসলাম জামায়াত শিবিরের সঙ্গে জড়িত।
তাদের নাম বাদ দেয়ার দাবিতে সিন্ডিকেটের বৈঠকের আগে তালা দেয়া হয় বলেও জানান তিনি।
পরে দুপুর ১২টার দিকে ছাত্রলীগের বিশ্বদ্যিালয় শাখার সহসভাপতি অঞ্জন রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সঙ্গে দেখা করতে যান।
উপাচার্যের সাথে দেখা করার পর অঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বিভাগের নিয়োগের বিষয়টি সিন্ডিকেট সভায় তোলা হবে না বলে স্যার আমাদের আশ্বস্ত করেছেন।
“তাই দুপুর দেড়টার দিকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে ভবনের তালা খুলে দিয়েছি।”
পরে দুপুর ২টায় সিন্ডিকেট সভা শুরু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফজলুর রহমান।
