রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
রাজশাহী নগরীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
নিহত আনিসার রহমান (৪৫) রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালি গ্রামের বাসিন্দা।
বোয়ালিয়া মডেল থানার এসআই শরীফুল ইসলাম জানান, বাগমারাগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হয়।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনিসারকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
