রংপুরে নৈশকোচ নদীতে, নিহত ১
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীর সেতুর রেলিং ভেঙে একটি নৈশকোচ পানিতে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাজাহান আলী জানান, ৬০/৬৫ বছরের এক বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান। তবে, ওই বৃদ্ধার পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দিনাজপুর থেকে বাবুল এন্টারপ্রাইজের নৈশকোচটি ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।
রাত ৮টার দিকে বারাপি সেতুর রেলিং ভেঙে কোচটি নদীতে পড়ে যায়।
ঘটনাস্থলে থাকা রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার হওয়া ৩৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আট জনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানান তিনি।
