চট্টগ্রামে তড়িতাহত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন আরেকজন।
রোববার দুপুরে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- জেএম সেন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মো. ইসতিয়াক হোসেন (১৫) এবং ওই এলাকার বাসিন্দা গোপীদত্ত (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় স্কুল ছুটির পর বাসায় ফিরছিলেন ইসতিয়াক। স্কুলের সামনের রাস্তায় একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তড়িতাহত হন গোপী।
দ্রুত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ইসতিয়াককে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপীদত্ত মারা যান। তিনি নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি ফলের আড়তের ম্যানেজার ছিলেন।
