২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ ২৪ ডটকম প্রতিনিধিকে পুলিশের ধমক

পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি কামরুল আম্বিয়াকে ধমক দিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল জলিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:59 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

মঙ্গলবার শ্রীমঙ্গল থানার ওসির সরকারি মোবাইল ফোনের ০১৭১৩৩৭৪৪৪০ নম্বর থেকে তিনি কথা বলেন।

ফোনে ওসি তাকে চড়া সুরে বলেন, “কী লিখেছেন? ভালোই তো লিখতে পারেন। ফাটাফাটি; বেশ ভালোই তো লিখেছেন। ঠিক আছে, চালিয়ে যান।”

এই কথাগুলো বলে ওসি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

কামরুল আম্বিয়ার পাঠানো সংবাদ শুক্রবার (৯ মে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘থানায় ৪১ ঘন্টা, পরে ছিনতাই মামলায় আদালতে’ শিরোনামে প্রকাশিত হয়।

ওসির এ ফোনের বিষয়টি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এডমিন অ্যান্ড অপারেশন) মো. শহীদুল হক, সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া ও সদর সার্কেলের এএসপিকে আশরাফুজ্জামানকে অবগত করা হয়েছে।

তবে মৌলভীবাজারের পুলিশ সুপারের মোবাইল ফোন নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করেও বিষয়টি তাকে অবহিত করা যায়নি।

সদর সার্কেলের এএসপি আশরাফুজ্জামান বলেন, ওসির এই আচরণে তিনি মর্মাহত। বিষয়টি তিনি দেখছেন।