২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোর সন্দেহে মারধরে যুবক নিহত

চট্টগ্রামের পাহাড়তলী থানার ইস্পাহানি রেল গেইট এলাকায় চোর সন্দেহে মারধর করার পর এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:29 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

নিহত হাবিবুর রহমানের আনুমানিক বয়স ২০ বছর এবং সে নোয়াখালীর স্থায়ী বাসিন্দা।

পাহাড়তলী থানার এসআই আহাদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে ইস্পাহানি রেল গেইট এলাকায় আলম সাহেবের স্ক্র্যাপের গুদামে ঢুকে পড়ে হাবিব।

“সে ওই গুদাম থেকে মালামাল চুরি করেছে দাবি করে স্থানীয়রা তাকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় হাবিব।”

আহত হাবিবকে স্থানীয় কয়েকজন রিকশাচালক উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

বিকাল সাড়ে ৩টার দিকে হাবিব চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।

এসআই আহাদ জানান, এ ঘটনায় জুয়েল, সাত্তার ও দেলোয়ার নামের তিনজনকে আটক করা হয়েছে।

“তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা করার প্রস্তুতি চলছে।”