ইমনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার সহপাঠীরা।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, ছিনতাই ঠেকাতে গিয়েই ইয়াসিন আরাফাত ইমন (২০) নিহত হন। ছিনতাইকারী চক্রের হাতে ওই এলাকার বাসিন্দারা জিম্মি।
গত ৪ মে রাতে নগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় এক পক্ষ এক পথচারীকে ছিনতাই করতে গেলে অন্য এক পক্ষ বাধা দেয়।
এর প্রতিশোধ নিতে ছিনতাইয়ের চেষ্টাকারী পক্ষটি ওই রাতে অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন।
আহত ইমনকে শুরুতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান ইমন।
এ ঘটনায় ইমনের মা বাদি হয়ে ঘটনার পরদিন থানায় একটি মামলা করেন। ইমন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেওয়ান বাজার ও বাকলিয়া এলাকার মানুষ ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। তাদের হাতে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। কেউ হয়েছেন পঙ্গু।
বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম, ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, স্থানীয় মহল্লা কমিটির নেতা সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী দেলোয়ারা বেগম ও হামিদা বেগম এবং নিহত ইমনের চাচা মোহাম্মদ মুছা।
