২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে কালো কাচ নিষিদ্ধ, উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয়

নারায়ণগঞ্জসহ সারাদেশে অপহরণ ও গুমের পরিপ্রেক্ষিতে গাড়িতে কালো কাচ ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞাটি কেবল এক ধরনের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় এর উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

লিটন হায়দার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 09:21 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

আর সরকারি নিষেধাজ্ঞাটি জটিলতা হওয়ায় গাড়ির মালিকরাও রয়েছেন ধন্দে।

গত ৩০ এপ্রিল গাড়িতে কালো, রঙিন, মার্কারি এবং অস্বচ্ছ কাচ ব্যবহার নিষিদ্ধ করে সরকার।

তবে বিল্ট-ইন অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকেই যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পেছনের কাঁচ কালো বা অস্বচ্ছ, সেগুলোর ব্যাপারে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই।

গাড়ির এসব কালো কাচ সরিয়ে ফেলার জন্য ১০ মে পযন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। রোববার থেকে কালো ও অস্বচ্ছ কাঁচের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে অভিযান শুরু করবে পুলিশ।

এ ব্যাপারে যুগ্ন কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করবো। রোরবার থেকে এসব কাচযুক্ত সব ধরনের গাড়ির প্রতি নজর দিবো। কারো ব্যাপারে সহানুভুতি দেখানোর সুযোগ নাই।”

তিনি বলেন, প্রথমে এসব গাড়ি পেলে জরিমানা করা হবে। যার পরিমাণ সর্বোচ্চ ১২শত টাকা। পরবর্তীতে নিয়ম না মানলে গাড়িটি আটকও করা হতে পারে।

গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো রঙিন, কালো, মার্কারি, টিনটেড, অস্বচ্ছ ফিল্ম, পলিথিন, প্লাস্টিক জাতীয় কৃত্রিম আবরণযুক্ত গাড়িগুলোর ক্ষেত্রেই শুধু পুলিশের অভিযান চলবে।

ফলে সরকারের কালো কাচ ব্যবহারে নিষেধাজ্ঞার আদেশ আংশিকভাবে এক ধরনের গাড়ির জন্য প্রযোজ্য হচ্ছে, যা কার্যকর হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।

এক্ষেত্রে অপরাধীরা সুযোগ নিতে পারে কি না এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার মীর রেজাউল বলেন, “সেটা পরের ধাপ। সরকার পরিস্থিতি বুঝে পরবর্তীতে বিল্ট-ইন গ্লাসের ব্যাপারে সিদ্ধান্তও নিতে পারে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাড়িতে বিল্ট-ইন যুক্ত গ্লাস থাকলে তা ব্লুবুকে লেখা থাকে।

এ ব্যাপারে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিল্ট-ইন গ্লাসযুক্ত গাড়ি অপরাধীদের ব্যবহারের সম্ভাবনা থাকে। প্রত্যেক গাড়িতেই স্বচ্ছ গ্লাস থাকার কথা।

"বিল্ট-ইন গাড়ি এই আদেশের বাইরে থাকলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। তবে অভিযান শুরুর পর বিল্ট-ইন গ্লাসও এ তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন কি না, তা বোঝা যাবে।"   

'বিল্ট-ইন' কালো বা অস্বচ্ছ কাঁচ ব্যবহারের ব্যাপারে সরকারের পৃথক সিদ্ধান্তের বিষয়ে অনেক গাড়ি মালিকই জানেন না।

মোহাম্মদপুরের শাহজাহান নামের একজন গাড়ির মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার গাড়িতে বিল্ট-ইন গ্লাস লাগানো ছিল। তিনি ৩০ হাজার টাকা দিয়ে গত ৭ মে সাদা গ্লাস লাগিয়েছেন। তার মতো অনেকেই পরিবর্তন করেছেন।

এ ব্যাপারে নিউ ইস্কাটনের গাড়ির পার্টস ব্যবসা প্রতিষ্ঠান এসএম জুয়েল অটো কর্পোরেশনের সেলসম্যান মো. জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিল্ট-ইন গাড়ির গ্লাসও তারা পরিবর্তন করেছেন। সরকারের আদেশের পর সাদা গ্লাসের চাহিদা বেড়েছে।

চিটাগাং মটরসের বিক্রয় প্রতিনিধি ফয়সল মো. পারভেজ  বলেন, "গত কয়েকদিনে আমাদের কাছে প্রায় ৫০০ গাড়ি এসেছে গ্লাস পরিবর্তনের জন্য। সরবরাহ না থাকায় সবকটির পরিবর্তন করতে পারিনি।"

এসব কালো কাচ পুরোপুরি পরিবর্তন করে সাদা কাঁচ লাগাতে ১৮ থেকে ৪০ হাজার টাকা থেকে পর্যন্ত খরচ হতে পারে বলে জানান ফয়সাল।