ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা। এ ঘটনায় মারা গেছেন আরো এক নারী।
নিহতরা হলেন সামসুর রহমানের স্ত্রী হাসি বেগম (৫০) ও তাদের গৃহকর্মী সহিদা খাতুন (৫০)।
হাসি বেগমের ছেলে ইব্রাহিম খলিল নয়ন (২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে তিনি বাড়ির আঙ্গিনায় থাকা তারে ভেজা কাপড় মেলে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
মা হাসি বেগম বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ধাক্কা দেন। এতে তিনি বেঁচে গেলেও তার মা তারে জড়িয়ে যান।
“বাড়ির গৃহকর্মী সহিদা তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
“এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
দিনাজপুর কতোয়ালী থানার ওসি আলতাফ হোসেন বলেন, তাদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
