৪৩ বছর পর গলা থেকে গুলি অপসারণ
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি মোমেনা খাতুনের গলা থেকে ৪৩ বছর পর অস্ত্রোপচার করে বের করা হয়েছে।
মোমেনা খাতুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলনবাজার গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক হাসিনুজ্জামান জানান, মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মোমেনার শরীর থেকে গুলি বের করা হয়।
৫৪ বছর বয়সী মোমেনার গলার বাঁ দিকে চামড়ার ভিতরে গুলিটি বিদ্ধ ছিল। এটিকে এতদিন সবাই টিউমার হিসেবেই জানত।
চিকিৎসক হাসিনুজ্জামান বলেন, “আমি তার অস্ত্রোপচার করেছি। মোমেনার এখন আর সমস্যা নেই। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কয়েকদিন সময় লাগবে।”
কয়েকদিন আগে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে মোমেনা এলাকাবাসীর সহায়তায় লালমনিরহাট শহরের একটি (নিরাময়) ক্লিনিকে এসে চিকিৎসক বিমল চন্দ্রের শরণাপন্ন হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার গলার বাঁ দিকে ক্ষতস্থানের ভেতর আটকে থাকা গুলি দেখতে পান চিকিৎসক।
এরপর চিকিৎসক বিমল চন্দ্রই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসেন।
