২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে চেয়ারম্যান হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:28 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

গত ২৯ এপ্রিল বিএনপি সমর্থিত চেয়ারম্যান মো. সাজেদুল আলম স্বাধীনকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে চারিগ্রাম ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

সিংগাইর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আবিদুর রহমান খান রোমান, পৌর মেয়র বিএনপি নেতা খোরশেদ আলম জয়, ইউপি চেয়ারম্যান সভাপতি সাজেদুল আলম স্বাধীন বক্তব্য দেন।

বক্তারা এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন।

তিনি বলেন, “স্থানীয় সন্ত্রাসী নাইন এম পিনছু, স্বপন, এ্যান্টু ও মানিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের অপর্কমের প্রতিবাদ করায় বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকি দেয়।” 

মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল উপজেলার চারিগ্রাম বাজারে কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা স্বাধীন।

এ সময় উপজেলার ‘চিহ্নিত সন্ত্রাসী’ পিন্সু (২৮), স্বপন (৩২) ও এ্যান্টু (৩০) মেটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি মো. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।