চট্টগ্রাম জেলা পিপি বহাল, মহানগর পিপি বদল
চট্টগ্রামে জেলা ও মহানগর আদালত এবং ট্রাইব্যুনালের সরকারি আইন কর্মকর্তাসহ ১৩৩টি পদে রদবল করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি পিপি ও জিপিসহ বেশ কিছু পদে নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন এসে পৌঁছেছে।
“এ বিষয়ক চিঠি নিয়োগপ্রাপ্তরাও পেয়েছেন। তার আমার কাছে লিখিত চিঠি দিয়ে পদে যোগদান করবেন।”
নতুন প্রজ্ঞাপনে দেশে-বিদেশে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার কাজ সফলভাবে পরিচালনাকারী মহানগর পিপি কামাল উদ্দিন আহমদের স্থলে নিয়োগ দেয়া হয়েছে মো. ফখরুদ্দিন চৌধুরীকে।
তবে স্বপদে বহাল আছেন জেলা পিপি আবুল হাশেম।
রদবদল নিয়ে জানতে মহানগর পিপি কামাল উদ্দিন আহম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
নতুন নিয়োগ পাওয়া মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে একই দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে চট্টগ্রামের জেলা পিপি (জিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আহসান খান।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি হিসেবে জেসমিন আক্তার, ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি এম এ নাসের এবং ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ পিপি নজরুল ইসলাম সেন্টু দায়িত্ব পেয়েছেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইয়ুব খান, জননিরাপত্তা ট্রাইব্যুনালে জাহাঙ্গীর আলম, বিভাগীয় বিশেষ জজ আদালতে মেজবাহ উদ্দিন চৌধুরী এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে অহিদুল নবীকে পিপি পদে বহাল রাখা হয়েছে।
চোরাচালান ট্রাইব্যুনালে হরিপদ চক্রবর্তী ও পরিবেশ আদালতে বদরুল আলম বিশেষ পিপি পদে নিয়োগ পেয়েছেন।
এছাড়া অতিরিক্ত মহানগর পিপি, সহকারী মহানগর পিপি, অতিরিক্ত জেলা পিপি পদেও নিয়োগ দেয়া হয়েছে।
