২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্থার আকাশকে বরখাস্ত করল ওয়ালটন

র‌্যাবের অভিযানের পর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া সামান্থা কর্পোরেশনের চেয়ারম্যান লোকমান হোসেন আকাশকে চাকরিচ্যুত করেছে ওয়ালটন।

আশিক হোসেন

ও সামিন সাবাবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 09:24 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

র‌্যাবের ভয়ে লুকিয়ে অনাবাসী এক বিনিয়োগকারী

ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রধান ছিলেন তিনি।

সোমবার বিকেলে তাকে বরখাস্ত করা হয় বলে ওয়ালটনের মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লোকমান হোসেন আকাশকে ওয়ালটন কর্তৃপক্ষ অলরেডি স্যাক (বরখাস্ত) করেছে। আকাশ এখন দুবাইতে অবস্থান করছেন। ফোন ও মেইলে তাকে তার বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

“দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।”

হুমায়ুন কবির বলেন, ওয়ালটনের চাকরিবিধি অনুযায়ী, কেউ ওয়ালটনে চাকরি করা অবস্থায় অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। কিন্তু আকাশ বিধি অমান্য করে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তাকে বরখাস্ত করার এটাও একটা কারণ।

গত ৬ এপ্রিল রাজধানীর বারিধারায় সামান্থা কর্পোরেশন নামের একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে র‌্যাব।

ওই প্রতিষ্ঠানে ব্যবসার আড়ালে ‘নির্যাতন কেন্দ্র’ বানিয়ে একটি প্রতারক চক্র মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করতো বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়। এরপর থেকে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশ হয়, যাতে নিজেদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন সামান্থা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াজিবুল্লা মিলন তপু। 

ব্যক্তিগত শত্রুতার জের ধরে তার ব্যবসা হাতিয়ে নিতে ‘র‌্যাবকে দিয়ে পরিকল্পিতভাবে’ তার অফিস তালাবন্ধ করা হয় বলে দাবি করেন তপু।

তিনি বলেন, “আমার নামে প্রথমে প্রতারণার অভিযোগ আনা হলো, পরে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হলো। কিন্তু প্রতিষ্ঠানের চেয়ারম্যান লোকমান হোসেন আকাশ এবং সিইও কাজী আরিফুল ইসলামের নামে কেন প্রতারণার অভিযোগ আনা হলো না? আমি যদি প্রতারক হই তাহলে তারাও তো প্রতারক, অথচ র‌্যাব তাদের বিষয়ে কোনো খোঁজ-খবরও করলো না।”

আকাশ তার প্রতিষ্ঠানটির পাশাপাশি ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রধান এবং কাজী আরিফুল ইসলাম ক্রিস্টাল ভিশন নামে আরো একটি বায়িং হাউসের সঙ্গে যুক্ত বলে জানান সামান্থার ব্যবস্থাপনা পরিচালক।  

ওয়ালটনের কর্মকর্তা  হুমায়ুন কবির বলেছেন, আকাশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সঠিক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।