২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ভয়ে লুকিয়ে অনাবাসী এক বিনিয়োগকারী

প্রায় এক মাস ধরে প্রাণের ভয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন সামান্থা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াজিবুল্লা মিলন তপু। 

আশিক হোসেন

ও সামিন সাবাবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 06:54 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গত ৬ এপ্রিল রাজধানীর বারিধারায় সামান্থার একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ১২ জনকে প্রতারণার অভিযোগে আটক করে র‌্যাব, সে সময় তপু সেখানে উপস্থিত ছিলেন না।

র‌্যাব বলছে, ওই প্রতিষ্ঠানে ব্যবসার আড়ালে ‘নির্যাতন কেন্দ্র’ বানিয়ে একটি প্রতারক চক্র মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করতো, যাদের দলনেতা তপু।

সেখানে অভিযান চালিয়ে বিদেশি মদ ও ফেনসিডিলের পাশাপাশি ৩৮টি বন্দুকের গুলি উদ্ধার করার দাবিও করে র‌্যাব-১।

র‌্যাব জানায়, এসএম অ্যান্ড কোম্পানি নামে একটি গার্মেন্ট কারথানার মালিক সাইফুদ্দিন মিলনের অভিযোগের ভিত্তিতে তারা অভিযানটি চালায়। 

অজ্ঞাত স্থান থেকে তপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার বিরুদ্ধে আনা র‌্যাবের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “র‌্যাব গণমাধ্যমে দাবি করেছে আমি প্রতারক, যেখানে ব্যবসায়ী হিসেবে দেশে এবং বিদেশের বিভিন্ন স্থানে আমার সুনাম রয়েছে। যখন তারা এ অভিযান চালায় সে সময় আমি ফুটবল বিশ্বকাপের জার্সিসহ আরো কিছু অর্ডারের কাজ করছিলাম।”

জার্সিগুলো মে মাসের ১৫ তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে বলে জানান তপু।

সামান্থা কর্পোরেশন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্য।

প্রতিষ্ঠানটির সহযোগী ‘রাঙ্গোলি ইভেন্টস’ প্রতিবছর স্পেনের ভ্যালেন্সিয়াতে বাংলাদেশি তৈরি পোশাকের মেলা ও প্রদর্শনী ‘সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার’ আয়োজন করে আসছে।

তপু বলেন, তিনি ২০০৫ সাল থেকে স্পেনের স্থায়ী বাসিন্দা (পিআর) হিসেবে বসবাস করে আসছেন, ব্যবসা ও পারিবারিক কারণে বাংলাদেশে আসা যাওয়া করেন। 

তার অভিযোগ, “ব্যক্তিগত শত্রুতার জের ধরে ব্যবসা হাতিয়ে নিতে র‌্যাবকে দিয়ে পরিকল্পিতভাবে তার অফিস তালাবন্ধ করা হয়।

“অফিসে আমার কম্পিউটারের হার্ড ড্রাইভে জরুরি ও এক্সক্লুসিভ কিছু স্যাম্পল ডিজাইনসহ কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ হিসাব ছিল।

“আমার নামে প্রথমে প্রতারণার অভিযোগ আনা হলো, পরে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হলো। কিন্তু প্রতিষ্ঠানের চেয়ারম্যান লোকমান হোসেন আকাশ এবং সিইও কাজী আরিফুল ইসলামের নামে কেন প্রতারণার অভিযোগ আনা হলো না? আমি যদি প্রতারক হই তাহলে তারাও তো প্রতারক, অথচ র‌্যাব তাদের বিষয়ে কোনো খোঁজ-খবরও করলো না।”

সামান্থার চেয়ারম্যান লোকমান হোসেন আকাশ এ প্রতিষ্ঠানটির পাশাপাশি ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের প্রধান এবং কাজী আরিফুল ইসলাম ক্রিস্টাল ভিশন নামে আরো একটি বায়িং হাউসের সঙ্গে যুক্ত রয়েছেন।

আকাশ বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তার দুবাইয়ের ফোন নম্বরটিতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে সামান্থার সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কের কথা অস্বীকার করেছেন কাজী আরিফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অফিস খোলার আগে তপু আমার ক্রিস্টাল ভিশনের অফিসে কিছুদিন সামান্থার কাজ পরিচালনা করেছে। এর চেয়ে বেশি আমার সাথে তার কোন সম্পর্ক নেই।”

সামান্থার কার্যালয় হিসেবে বারিধারাতে যে বাড়িটি রয়েছে সেটি ঠিক করে দিয়েছিলেন কি না জানতে চাইলে এক পর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে ওঠেন।

তিনি বলেন, “সে(তপু) আমাকে বলেছিল বাসা ঠিক করে দিতে। আমি আপনার সাথে এ বিষয়ে আর কোন কথাই বলতে চাচ্ছি না। আমি কোন কথা বলবো না।” 

তপুর অভিযোগ, তার দেশের বাইরে অবস্থানের সময় সামান্থার চেয়ারম্যান আকাশ ও সিইও আরিফ সামান্থার কিছু কর্মকর্তাকে নিয়ে তপুকে ব্যবসা থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করেন। এর অংশ হিসেবেই র‌্যাবকে দিয়ে এ মিথ্যা অভিযোগ দাঁড় করানো হয়েছে।

“গত জানুয়ারিতে আমি দেশে ফেরার পর থেকে তারা অফিসে আসছিল না। কোন কাজে সহযোগিতা করছিল না।”

তিনি বলেন, “আমাকে ব্যবসা থেকে সরিয়ে দিলে তারা পুরো ব্যাবসাটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে। আর এ কারণেই অনেকদিন ধরে তারা বিভিন্ন উপায়ে চেষ্টা চালাচ্ছে। যেহেতু আমি দেশে সব সময় থাকি না, সেহেতু প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা নিয়ে তারা ধীরে ধীরে ষড়যন্ত্র সাজিয়েছে।”

তপু বলেন, গত কয়েক মাস আগে এসএম অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানকে পোশাক তৈরির কাজ দেয়া হয়, যে প্রতিষ্ঠানটির অভিযোগের ভিত্তিতে র‌্যাব পরবর্তীতে সামান্থায় অভিযান চালায়।

“এসএম অ্যান্ড কো. এর এমডি সাইফুদ্দিন মিলনকে গত মার্চের ৬ তারিখে নিয়ে এসেছিল সামান্থার অ্যাডমিন অফিসার সাইফুদ্দিন সাইফ। সাইফ গত ফেব্রুয়ারি থেকে আমাদের সাথে কাজ শুরু করে।”

তপু দাবি করেন, “এসএম অ্যান্ড কোম্পানিকে আমরা কিছু কাজের স্যাম্পল দিতে বলি। তারা স্যাম্পলের কাজ আমাদের না দেখিয়েই প্রোডাকশনে চলে যায়, তাদের অদক্ষতার কারণে আমাদের তিন কোটি ৬৫ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়ে যায়। এর জন্য আমি যখন তাদের টাকা দিতে অস্বীকৃতি জানাই তখন তারা সামান্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।

“এর আগে থেকেই তারা ২২ লাখ টাকা দাবি করে আসছিল। কারণ হিসেবে তারা শ্রমিকদের মজুরি পরিশোধ করার জন্য নিজেদের টাকা নেই বলে জানায়। আমরা স্যাম্পল দেখতে চাইলে বারবার আমাদের ঘোরানো হচ্ছিল, পরে ফ্যাক্টরিতে গেলে জানানো হয় তারা প্রোডাকশন শুরু করে দিয়েছে।” 

এ কাজে সামান্থার চেয়ারম্যান আকাশ ও সিইও আরিফের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন তপু।

তিনি বলেন, “গত ১ এপ্রিল কাজের স্যাম্পল নেয়ার জন্য সামান্থার তিন কোয়লিটি কন্ট্রোলার (কিউসি)নিহার রঞ্জন দাস, আনোয়ার মোস্তফা এবং মঈনুল ইসলাম এসএম অ্যান্ড কোম্পানির কারখানায় গেলে তাদের প্রথমে ঢুকতে বাধা দেয়া হয়। এ সময় তাদের জানানো হয় স্যাম্পল সব ঠিক আছে, তারা প্যাকেজিংয়ের কাজ করছে। এক পর্যায়ে কিউ সিরা অর্ডার দেয়া ৭২টি ডিজাইনের দুটি করে স্যাম্পল নিয়ে আসে।”  

সামান্থার এ তিন কিউসি পরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হন এবং পরে আদালতে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

“অফিসে আনার পরে দেখা যায় তাদের তৈরি করা স্যাম্পলের ডিজাইন সম্পূর্ণ ভুল। একই দিন অফিসে র‌্যাবের একটি দল আসে,” যোগ করেন তপু।

সামান্থার এক্সিকিউটিভ রুথ ক্রিস্টিনা রয় জানান, ৬ এপ্রিলের অভিযানের আগেও গত ১ এপ্রিল র‌্যাবের পোশাকে একটি দল সামান্থার বারিধারা অফিসে এসেছিল।

“র‌্যাব আসার আধা ঘন্টা আগে এসএম অ্যান্ড কোম্পানির এমডি সাইফুদ্দিন মিলনসহ চারজন আগাম কিছু না জানিয়েই অফিসে আসে।”

এ সময় সামান্থার ইমপ্লয়িজ মিটিং চলছিল বলে জানান ক্রিস্টিনা।

“দরজায় নক করার পরে র‌্যাবের চারজন প্রবেশ করলো, তাদের মধ্যে একজন নিজেকে মেজর লোভেল বলে পরিচয় দেন। তিনি ভেতরে এসেই উঁচু স্বরে বলে ওঠেন, এখানে কী হচ্ছে?”

অবশ্য র‌্যাব ১ এর উপ পরিচালক আসিফ কুদ্দুস পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে র‌্যাব ১ এ লোভেল নামে কোনো কর্মকর্তা নেই।

ক্রিস্টিনা বলেন, “এ সময় এসএম অ্যান্ড কোম্পানির মার্কেটিংয়ের প্রধান খলিলুজ্জামান বলে ওঠে, দ্যাখেন স্যার, আমাদেরকে মারবে, আটকে রাখতে চায়।”

এ সময় এক র‌্যাব সদস্যকে অস্ত্র লোড করতে দেখেন ক্রিস্টিনা।

“এরপর তপু স্যার ক্যান্টনমেন্ট থানায় ফোন করলে সে থানার এসআই ওয়াহিদ্দুজামান পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পাঠায়।”

তিনি বলেন “এরপর র‌্যাব অফিসার লোভেলকে ফোনে বলতে শোনা যায়, আমাদের কাছে ভুল তথ্য এসেছে, এখানে কাউকে আটকে রাখা হয়নি। দুই পার্টির মধ্যে সমস্যা, আমরা ফিরে আসছি।”

র‌্যাবের সঙ্গে কথা চলার সময়েই এসএম অ্যান্ড কোম্পানির কর্মকর্তারা দ্রুত অফিস ছেড়ে চলে যায় বলে জানান ক্রিস্টিনা।

“এরপর আমাদের নিরপত্তারক্ষী জানিয়েছিল, সে ওই র‌্যাব কর্মকর্তার সাথে এসএম অ্যান্ড কোম্পানির কর্মকর্তাদের কথা বলতে দেখেন।”

ক্যান্টনমেন্ট থানার এসআই ওয়াহিদুজ্জামান টহল দল পাঠানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন।

“ডিওএইচএস এলাকায় ডিউটি করার সুবাদে তপুর সাথে আলাপ হয়েছিল। ১ এপ্রিল তার অফিসে ভাংচুর করা হচ্ছে এমনটা জানালে আমি থানায় জানাই। এরপর পুলিশের একটি পেট্রোল দল ঘটনাস্থলে যায়। তবে তারা সেখানে কাউকে পাননি।” 

এর বেশি কিছু ‘মনে নেই’ বলে জানান ওয়াহিদুজ্জামান। 

ক্রিস্টিনা অভিযোগ করেন, এ ঘটনার পরপর ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি দল তার গ্রিন রোডের বাসায় গিয়ে তার মাকে গিয়ে হুমকিও দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করে স্প্যানিশ ব্র্যান্ড এল রিও ব্লাঙ্কোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলি ডে ফিলিং এস.এ- এর প্রধান অ্যাডমিন কর্মকর্তা গুরখেন গোরিসের সঙ্গে, যাদের কাপড়ের অর্ডারের কাজ করছিল সামান্থা কর্পোরেশন।

“তপুকে আমি দুই বছর ধরে চিনি, তার অফিসে যে আইন শৃংখলাবাহিনী অভিযান চালিয়েছে এটাও আমি জানি। স্পেনের বাংলাদেশে মিশনকে তপুকে হয়রানি করার বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে। বাংলাদেশে স্প্যানিশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। বিষয়টি বিজিএমইএকেও জানানো হয়েছে। আমি তাদের বলেছি যে তপুর নিরাপত্তা দরকার।” 

তিনি বলেন, “আমি গত বছর দুবার বাংলাদেশে এসেছি। এ সময় তার (তপুর) ফ্যাক্টরির ভেতরে চলা বিভিন্ন ষড়যন্ত্রও দেখেছি। আমি বেলজিয়াম ‍দূতাবাসকে বলেছি আমাকে যেন নিরাপত্তা দেয়া হয়। নিরাপত্তা সু্বিধা না পেলে আর বাংলাদেশে আসবো না।”

গোরিস জানান, “এই শিপমেন্টের জন্য দুই লক্ষ ৫০ হাজার ডলার বিনিয়োগ করা হয়েছে, যদি সামনের দু মাসের মধ্যে পণ্য না পাওয়া যায় তাহলে আমাদের কোম্পানিটি দেউলিয়া হযে যাবে।”

গোরিসের পাঠানো সেই সব চিঠিগুলোর অনুলিপি সংগ্রহ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তপুর বিরুদ্ধে আনা র‌্যাবের মামলা দুটির বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি আতিক বলেন, “র‌্যাব অভিযান চালানোর পরে আমাদের কাছে কিছু আলামত দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হলেও প্রতারণার কোনো অভিযোগ আনা হয়নি। তবে তদন্তের স্বার্থে খুব বেশি কিছু বলা যাবে না।”

তিনি বলেন, “একটি পিস্তল ও একটি শর্টগানের লাইসেন্স এর জন্য তপু একটি আবেদন করেছিল। তবে তার বিরুদ্ধে মামলাগুলো হওয়ার পরে ওই বিষয়টি নেগেটিভ হযে যায়।”

অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য কোন ব্যক্তিকে বছরে অন্তত দুই লাখ টাকা আয়কর পরিশোধ করতে হয়।

র‌্যাব ১ এর অধিনায়ক কিসমত হায়াত্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই অভিযানে অস্ত্রের কিছু আলামত পাওয়া গেছে, যেগুলো আমরা উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানাকে দিয়েছি। এরমধ্যে ওই অফিসটির উপরে নজর রাথা হচ্ছে যেখানে ‘টর্চার সেল’ বানানো হয়েছিল।”

ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা র‌্যাবের সাহায্যে এ ঘটনাটি সাজিয়েছে বলে তপু যে দাবি করেছেন সে বিষয়ে র‌্যাব ১ অধিনায়ক বলেন, “হ্যা, উনিতো অনেক বড় ব্যবসায়ী, ওনাকেতো ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসা উচিত (ব্যাঙ্গ করে)। উনি তো বারাক ওবামার সাথে ব্যবসা করেন। আপনি (প্রতিবেদক) ওই টর্চারের ফুটেজটা দেখেছেন?”

অভিযান পরিচালনা করা র‌্যাব-১ এর উপ-পরিচালক আসিফ কুদ্দুস বলেন, “আমাদের কাছে তথ্য এসেছিল যে বাড়িটিতে মানুষকে ধরে এনে নির্যাতন করা হয়। পরে আমরা এলাকার মানুষের কাছে এবং বাড়িওয়ালার কাছেও বিভিন্ন কমপ্লেইন পাই।

“অভিযানের সময় বাড়িটি থেকে ২৮টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়, যা খুবই অস্বাভাবিক মনে হয়েছিল আমাদের কাছে।”

সামাস্থার এমডির নামে মামলা হলেও চেয়ারম্যান কিংবা সিইও এর নামে কোন মামলা হলো না কেন জানতে চাইলে কুদ্দুস বলেন, “অভিযানের সময় যাদের বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেছে শুধু তাদের নামে মামলা করা হয়েছে।”