সংবিধান লংঘিত হচ্ছে: ড. কামাল
সরকার জনগণের নিরাপত্তা বিধানে ব্যর্থ হওয়ায় দেশের সংবিধান লংঘিত হচ্ছে বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জন খুন হওয়ার ঘটনায় মন্তব্য করতে গিয়ে সোমবার তিনি একথা বলেন।
তিনি বলেন, “সবার নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। লংঘিত হচ্ছে সংবিধান।”
রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। সাত খুনের মতো একটি বড় ঘটনায় এসপি, ওসিকে বদলি করেই সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি মনে করেন।
বক্তব্যে ড. কামাল বলেন, “চন্দন সরকারসহ সাত জনকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে নারায়ণগঞ্জের আইনজীবীরা যেভাবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন, তা আমাকে আশান্বিত করেছে। এই ঐক্যের চেতনা ছড়িয়ে পড়ুক সারাদেশে।”
তিনি বলেন, জনগণ হচ্ছে দেশের মালিক। তাই সচেতন মালিকদের ভূমিকায় অবর্তীণ হতে হবে। সংবিধান সমুন্নত রেখে দেশ পরিচালনায় বাধ্য করতে হবে। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি বন্ধ করতে হবে।
শেক সভায় আরো বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, অ্যাডভোকেট খোকন সাহা, অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, শুধু র্যাবের সিওকে প্রত্যাহার করলেই হবে না। সব সদস্যকে প্রত্যাহার করতে হবে। সরকারী কর্মকর্তাদের মধ্যে যারা নারায়ণগঞ্জ থেকে কোটি টাকা নিয়ে গেছে তদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে হবে।
“নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ওপর আমরা আস্থা রাখতে চাই। আমরা আশা করি তারা আমাদের হতাশ করবেন না,” বলেন তিনি।
পরে ড. কামাল হোসেন চন্দন সরকারের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
চন্দন সরকারের সমধর্মিনী অর্চনা সরকার বলেন, “কারা তাকে হত্যা করল আমরা তা জানতে চাই।”
চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার বলেন, “বলা হচ্ছে শুধু দেখে ফেলায় কারণে তাকে হত্যা করা হয়েছে। আমরা এতে সন্তুষ্ট নই। আমরা প্রকৃত কারণ জানতে চাই।”
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জন অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
