মেমোরি কার্ড নিয়ে বিরোধে শ্রমিক খুন
নরসিংদীতে মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে বিরোধের কারণে এক টেক্সটাইল মিল শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের বিলাসদী মহল্লার আল্লাহু চত্বরে এ হামলায় নিহত তুষার (১৬) ওই এলাকার দেলোয়ার টেক্সটাইল মিলে কাজ করতেন। তিনি শিবপুর উপজেলার যোশর গ্রামের রুস্তম আলীর ছেলে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান স্থানীয়দের উদ্ধৃত করে জানান, একটি মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে বিরোধের জেরে তুষারকে পাশের আমানত শাহ টেক্সটাইল মিল শ্রমিক শাকিল মারধর করে।
মারধরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও তুষারকে গলা টিপে ধরে শাকিল। পরে আশপাশের লোকজন তুষারকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসী শাকিলকে ধরে পুলিশে দেয়।
ওসি মো. আসাদুজ্জামান আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
