মাধবপুরে মাইক্রো-পিকআপ সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের এক যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরের রুহুল আমিন (১৭)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কামাল আহমেদ জানান, সকালে সিলেটের বিয়ানিবাজার থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে কুমিল্লা থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী (২৭) এবং রুহুল আমিন (১৭) নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”
সেখান থেকে আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত পরিচয় আরেক যাত্রী (৩২) মারা যান।
