ধানমণ্ডি মাঠ নিয়ে রিট আবেদনে আবার বিব্রত বিচারক
ধানমণ্ডি খেলার মাঠ নিয়ে করা রিট আবেদনে বিব্রত হয়েছেন হাই কোর্টের অন্য একটি বেঞ্চের বিচারকও।
রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের রিট আবেদনটি শুনানির জন্য যান আবেদনকারীর আইনজীবীরা।
এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “আমাদের একজন ব্যক্তিগত কারণে বিব্রত হয়েছেন। এ রিট আবেদনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রধান বিচারপতির নিকট পাঠিয়ে দিচ্ছি।”
এর আগে গত ২৮ এপ্রিল হাই কোর্টের অন্য একটি বেঞ্চে শুনানির এক পর্যায়ে এক বিচারক বিব্রতবোধ করলেও শেষ পর্যন্ত আবেদনটি ফেরত দেন রিট আবেদনকারীর আইনজীবীদের।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মাঠটি বন্ধ করে তাতে স্থাপনা তৈরি করায় তার বিরুদ্ধে পরিবেশবাদী কয়েকটি সংগঠন ও কয়েকজন ক্রীড়াবিদ আন্দোলনে নামেন।
‘মাঠ দখলের’ বিরুদ্ধে আন্দোলনকারীরা এক কর্মসূচি থেকে ওই মাঠে ঢুকলে ‘অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে তাদের বিরুদ্ধে গত ১৮ মার্চ মামলা করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব কর্তৃপক্ষ।
এর মধ্যে মাঠটি উন্মুক্ত করতে আদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন স্থপতি মোবাশ্বের হোসেনসহ ছয়জন। তবে পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মাঠটি উন্মুক্ত করে নোটিস ঝুলিয়ে দেয়।
রিট আবেদনে অবিলম্বে ধানমণ্ডি মাঠে সব স্থাপনা নির্মাণ বন্ধে পদক্ষেপ নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, রাজউকের পরিচালকের (প্রশাসন) প্রতি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্দেশনা চাওয়া হয়।
ওই মাঠে স্থাপনা নির্মাণের বিষয়ে রাজউকের পরিচালক প্রশাসনের দেয়া চিঠির কার্যকারিতাও স্থগিত চান রিট আবেদনকারীরা।
ধানমণ্ডি মাঠে চলমান সকল অবৈধ নির্মাণ কাজ বন্ধ, বিদ্যমান সব স্থাপনা উচ্ছেদে কেন স্থানীয় সরকার সচিব ও এলজিইডির প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেয়া হবে না, মর্মে রুল চাওয়া হয়।
